ঢাকা: উড়োজাহাজের টিকিট আবার ও সিন্ডিকেটের দখলে’ চলে গেছে বলে অভিযোগ তুলেছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানায় সংগঠনটি।
সিন্ডিকেটের কারণে বেশি দামে প্রবাসী শ্রমিকদের বিমানের টিকিট কিনতে হচ্ছে। এতে শ্রমিকদের পাশাপাশি ট্রাভেল এজেন্সি ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আটাবের দাবি, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে রিয়াদ, জেদ্দা, মদিনা, দাম্মাম রুটে টিকেটের মূল্য ‘গ্রুপ নামেই’ প্রায় এক লাখ টাকায় বিক্রি হয়। আর ‘কম্পিউটার সিস্টেমে’ এটা উঠে যায় এক লাখ ৭০ থেকে এক লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত। তারা বলছে, কোনো কোনো এয়ারলাইন্স ভুয়া নাম দিয়ে টিকেট বুকিং করে রাখে। এরপর ফ্লাইটের এক-দুই দিন আগে নাম পরিবর্তন করে বিক্রি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো এয়ারলাইন্স বাংলাদেশের যাত্রীদের টিকেট বিদেশি এজেন্সির কাছে নাম ছাড়া ‘ব্লক করে’ দিয়ে আসন সংকট সৃষ্টি করছে। বাংলাদেশের এয়ার টিকিটের উচ্চমূল্য কমানো এবং এই খাতে শৃঙ্খলা আনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ই ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে।