সর্বশেষ:

ঢাকা মেডিকেল এর ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর আত্মহত্যা

ঢাকা মেডিকেল এর ৮ তলা থেকে লাফিয়ে  গৃহবধূর আত্মহত্যা

ঢাকা: রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

শুক্রবার (৩১জুলাই)ভোর রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নতুন ভবনে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ভোর সোয়া পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়ার বাড়ি পাবনা সদরের ভাদুরডাঙ্গি গ্রামে। তার বাবার নাম লতিফ মল্লিক।

নিহতের বাবা লতিফ মল্লিক কান্নাজড়িত কন্ঠে জানান, আমার মেয়ে ৫ দিন যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। আজ রাত ৩ টার দিকে পাশের অন্য রোগীর স্বজনরা আমাকে বলে এই দেখেন আপনার মেয়ে লাফ দিচ্ছে। সাথে সাথে আমি দৌড়ে গিয়ে দেখি সব শেষ। আমার মেয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়। সবাই তাকে লাফ দিতে নিষেধ করলেও সে কারো কথা না শুনে লাফ দিলে নিচে থাকা একটি প্রাইভেট কারের উপরে পড়ে। এতে তার মাথা ফেটে মগজ বেরিয়ে যায়। পরবর্তীতে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরী বিভাগে নিয়ে এলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

তিনি আরও জানান, এসএসসি পাশ করার পরেই সিঙ্গাপুর প্রবাসী এক ছেলের সাথে মোবাইলে আমার মেয়েকে বিয়ে দেই। এর মধ্যে ওর স্বামী দেশে এসে আবার চলে যায়। অনেক চেষ্টার পরেও বাচ্চা না হওয়ায় ধীরে‌ ধীরে ওর মানসিক সমস্যা শুরু হয়। দশদিন যাবত ওর সমস্যাটা একটু বেশি হচ্ছিলো। সব সময় উল্টাপাল্টা কথা বলত। ওকে কিছু জিজ্ঞেস করলে বলত, এটা কোন দেশ? আমি কোন দেশে আছি? এছাড়া জিহ্বায় ঘা এবং শরীরের অন্যান্য কিছু সমস্যা নিয়ে ৫ দিন যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। আমার দুই সন্তানের মধ্যে আমার মেয়ে ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ