আজ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়, আসিয়ান রিজিওনাল ফোরাম (ASEAN Regional Forum) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান।
জবাবে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি সিঙ্গাপুরের মতো ছোট রাষ্ট্রগুলোর উদ্বেগ ও স্বার্থকে অগ্রাধিকার দেবেন।
বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান চমৎকার কূটনৈতিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে একমত হন। এ লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি (Skilled Migration) আদান-প্রদান এবং বিভিন্ন বহুপাক্ষিক আন্তর্জাতিক সংস্থায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী গ্রহণে সিঙ্গাপুরের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের কাছে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার (Sectoral Dialogue Partner) এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (RCEP)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় সমর্থন কামনা করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার ক্ষেত্রেও সিঙ্গাপুরের সহযোগিতা চান।
বৈঠকের শেষে উভয় দেশ বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement – FTA) দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে চলমান আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়।