চট্টগ্রাম: রাঙামাটির সাজেক থেকে প্রায় তিন হাজার পর্যটক নিরাপদে খাগড়াছড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তারা খাগড়াছড়ি পৌঁছান।
এর আগে সকালে সাজেক থেকে ফেরার পথে উজো বাজার নামক এলাকায় অবরোধকারীদের বাধার মুখে পর্যটকবাহী গাড়িগুলো আটকে পড়ে। সেখানে পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সরে যেতে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা সরে যাননি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধকারীদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে পর্যটকরা উজো বাজার ত্যাগ করেন।এর কিছুক্ষণ পর সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ যৌথভাবে তৃতীয় দফায় সাজেক সড়ক অবরোধের ডাক দেয়। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা উজো বাজার এলাকায় সাজেক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করতে থাকেন।
বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এ আন্দোলনে ইউপিডিএফ সাধারণ জনগণকে ব্যবহার করছে।