চট্টগ্রামের অভিজাত আবাসিক এলাকা দক্ষিণ খুলশীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। জমিতে নির্মাণকাজ শুরু করতে গেলেই বাধা, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জমির মালিকপক্ষের। এরই ধারাবাহিকতায় এবার একটি নির্মাণাধীন প্লটে ১০ থেকে ১৫ জনের একটি দল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে নিরাপত্তাকর্মী আহমেদকে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ১ নম্বর রোডের সি ব্লকের ২ নম্বর লেনের একটি নির্মাণাধীন প্লটে।
জমির মালিকপক্ষের অভিযোগ, সাদ্দাম ও আলাউদ্দিনের নেতৃত্বে ফাহিম, শুক্কুর, মোহাম্মদ আলী, মুন্নি, হাজেরা খাতুন ও রমিসহ ১০ থেকে ১৫ জনের একটি দল জোরপূর্বক ওই প্লটে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী আহমেদ বাধা দিলে তার ওপর হামলা চালায় তারা। একপর্যায়ে রড দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা নির্মাণসামগ্রীও ভাঙচুর করে। মালিকপক্ষের দাবি, পুরো হামলার ঘটনা প্লটে স্থাপন করা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
হঠাৎ কেন নির্মাণাধীন একটি প্লটে এমন হামলা? জমির মালিকপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে সেখানে নির্মাণকাজে বাধা দিয়ে আসছিল একটি পক্ষ। একই সঙ্গে জমিতে কাজ চালিয়ে যেতে চাঁদা দাবি করা হচ্ছিল। এমনকি জমির এক-তৃতীয়াংশ লিখে না দিলে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।
জমির মালিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী এ ঘটনায় আগেই খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে করা ওই জিডিতে মোহাম্মদ আলী, হাজেরা খাতুন ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমিতে প্রবেশে বাধা, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জমির এক-তৃতীয়াংশ লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টির অভিযোগ আনা হয়।
মালিকপক্ষের অভিযোগ, চাঁদা দিতে রাজি না হওয়ায় এবার পরিকল্পিতভাবে নির্মাণাধীন প্লটে হামলা চালানো হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক না করেই ফিরে যায় বলে দাবি তাদের। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য ধারণ হওয়ার পরও কেন কাউকে আটক করা হলো না? আগেই থানায় সাধারণ ডায়েরি করে অভিযোগ জানানোর পরও কেন এমন হামলা ঠেকানো সম্ভব হলো না? এসব প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারাও।
দক্ষিণ খুলশীর মতো অভিজাত আবাসিক এলাকায় প্রকাশ্যে হামলা ও চাঁদাবাজির এমন অভিযোগে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি গুরুতর আহত নিরাপত্তাকর্মীর সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নির্মাণাধীন প্লট ও জমির মালিক পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এখন বড় প্রশ্ন, থানায় আগাম অভিযোগ, হামলার সিসিটিভি ফুটেজ এবং একজন নিরাপত্তাকর্মীর জীবনসংকটের পরও কি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও বড় কোনো ঘটনার অপেক্ষা করবে প্রশাসন?