ঢাকা: বিমানের অভিজ্ঞ পাইলটদের দক্ষতা এবং বিচক্ষণতায় কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে টেকঅফের সময় এয়ারক্রাফট এর ল্যান্ডিং গিয়ারের একপাশের দুইটি চাকার একটি চাকা যান্ত্রিক কারণে খুলে যায়। এই অবস্থায়, উক্ত ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও তার ক্রুদের দক্ষতা ও বিচক্ষণতায় ফ্লাইট দুপুর ২:২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতারণ করে। ক্যাপ্টেন জামিল বিল্লাহ’র রয়েছে ৮০০০ ঘন্টা ফ্লাইং অভিজ্ঞতা। উক্ত ফ্লাইটে ৭১জন সম্মানিত যাত্রী ছিল।
অবতরনের পরে উক্ত ফ্লাইটের যাত্রীরা পাইলট, ক্রুদের প্রতি কৃতজ্ঞতা ও ইমারজেন্সি ল্যান্ডিং এর ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই বিষয়ে বিমানের চিফ অব সেইফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।